ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে: আনিসুর রহমান খোকন তালুকদার

মাদারীপুর–৩ সংসদীয় আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক জিতলে বাংলাদেশ জিতবে। আর আমরা যদি হেরে যাই, তাহলে বাংলাদেশ হারবে। সেই হার হবে স্বাধীনতাবিরোধীদের কাছে, যারা এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল।

শুক্রবার বিকেলে ডাসার উপজেলা বিএনপির উদ্যোগে পাথুরিয়ারপাড় সংলগ্ন বালুর মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, এই নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়—এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। ইনশাআল্লাহ, আমরা জিতবো। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কিন্তু একটি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে—এমন কথা বলে যারা ধর্মকে পণ্য বানিয়ে ক্ষমতায় যেতে চায়, তারা কখনোই ক্ষমতায় যেতে পারবে না। বরং এসব অপকর্মের জন্য তাদের জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, আপনারা কি বাংলাদেশকে হারতে দেবেন? আপনারা কি স্বাধীনতার অস্তিত্ব বিলিয়ে দেবেন? এ সময় উপস্থিত জনতা ‘না, না’ স্লোগানে জনসভাস্থল মুখরিত করে তোলে।

ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম সুজন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খান, ডাসার উপজেলা মহিলা দলের সভানেত্রী সৈয়দা জোহরা খানমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

-সাইমুন