আব্দুল্লাহ্ আল মামুন (জেলা প্রতিনিধি) পঞ্চগড়
পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের তিন দিনের মাথায় বাড়ির পাশের পুকুর থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার সাকোয়া ইউনিয়নের আরাজী সাকোয়া এলাকায় পুকুর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত ধরিত্রী রানী ওই এলাকার ক্ষিতিশ চন্দ্র বর্মনের একমাত্র মেয়ে। তিনি স্থানীয় সাকোয়া ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। সাঁতার না জানা ওই কলেজছাত্রী পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন পুলিশ ও পরিবারের লোকজন।
নিহত কলেজছাত্রীর পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে সাকোয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দীপেন চন্দ্র বর্মন জানান, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই ধরিত্রী রানীর খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে পরদিন বুধবার পরিবারের পক্ষ থেকে বোদা থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
শুক্রবার সকালে বাড়ির পাশে একজন প্রতিবেশীর পুকুরের পানিতে মেয়ে মানুষের মাথার চুল ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন। বিষয়টি সন্দেহ হলে তাঁরা আশপাশের লোকজনকে জানান। বিষয়টি ভালোভাবে দেখতে গিয়ে পানিতে ধরিত্রী রানীর লাশ ভাসতে দেখেন।
মুহূর্তেই এই খবর আশপাশ এলাকায় ছড়িয়ে পড়লে লাশ দেখতে পুকুর পাড়ে ভিড় করতে থাকেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। খবর পেয়ে বোদা থানা–পুলিশের সদস্যরা পুকুর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠান।
এসব তথ্য নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মালিক মুঠোফোনে আলোকিত স্বদেশকে বলেন, পুকুর থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহালে শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আর লাশ দেখে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তারপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
-সাইমুন










