বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতে ইসলামী দেশটিকে আফগানিস্তানে পরিণত করতে চায়। তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬ইং) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী এলাকা রুহিয়া থানাধীন ঢোলারহাট বাজারে আয়োজিত এক পথসভায় জনসংযোগকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতে ইসলামী এমন একটা দল যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না! আমরা নারী-পুরুষের সমান অধিকার নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। জামায়াতের নারী উন্নয়ন বিরোধী অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, তারা নারীদের কর্মসংস্থানের বিরোধী। তিনি অভিযোগ করেন, জামায়াত মনে করে নারীরা ঘরের বাইরে কাজ করবে না। এমনকি গার্মেন্টসে কর্মরত নারীদের কাজের সময়সীমা ৫ ঘণ্টার বেশি না করার ব্যাপারেও তারা নেতিবাচক প্রচার চালাচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে। তবে আমি সবাইকে নির্ভয় ও সাহসের সঙ্গে চলার আহ্বান জানাচ্ছি। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, বর্তমানে দেশে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি হয়েছে। বিএনপি সব দলকে সাথে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
দেশ এখন সাধারণ মানুষের হাতে, তাই সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না। নির্বাচনী প্রচারণার এই পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
–আহসান হাবিব রুবেল, রুহিয়া (ঠাকুরগাঁও)










