গোপালগঞ্জে সেলিমুজ্জামান সেলিমের নির্বাচনী শোভাযাত্রা

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের সমর্থনে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে এই শোডাউনে নেতা-কর্মী ও সমর্থকেরা উপচে পড়ার মতো উপস্থিত ছিলেন।

কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রাম থেকে প্রায় দেড় হাজার ব্যাটারি চালিত ভ্যান এবং দুইশো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা শুরু হয়। এটি মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। শোভাযাত্রায় ‘ধানের শীষ বিজয় চাই’, ‘গণতন্ত্র ফিরে দাও’ সহ বিভিন্ন স্লোগান ওঠে।

শোভাযাত্রার সময় মুকসুদপুর বাজারে চৌরঙ্গী মোড়ে পথসভা করেন সেলিমুজ্জামান সেলিম। তিনি নির্বাচনী এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দেন এবং ভোটারদের সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, সহসভাপতি নুরে আলম তোতা, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, ব্যারিস্টার সানজিদ হোসেন কৌশিক, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপি’র সভাপতি আবুল বাসার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু প্রমুখ।

-সাইমুন