সংকটে আইসিসিকে যে পরামর্শ দিলেন আফ্রিদি

বাংলাদেশকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তের পর গভীর সংকটে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই মধ্যে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণায় সংস্থাটি আরও চাপের মুখে পড়েছে। বহুল আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত না হলে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যৎ আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে কি না, সে বিষয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এমন পরিস্থিতিতে চলমান সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি বলেন, শুধু উদ্বেগ প্রকাশ নয়, ক্রিকেটের ভবিষ্যৎ রক্ষায় বাস্তবসম্মত সমাধান বের করতে হবে, যেখানে নেতৃত্বের প্রধান দায়িত্ব আইসিসিকেই নিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফ্রিদি লেখেন, “আমি সবসময় বিশ্বাস করি, রাজনীতি যখন দরজা বন্ধ করে দেয়, ক্রিকেট তখন দরজা খুলে দিতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান খেলবে না এটি দুঃখজনক। তবে আমি সরকারের সিদ্ধান্তের পক্ষে আছি।”

তিনি আরও বলেন, “আইসিসির জন্য এখনই সময় তাদের নেতৃত্বের প্রমাণ দেওয়ার। শুধু কথায় নয়, সিদ্ধান্তের মাধ্যমে দেখাতে হবে যে তারা সব দলের প্রতি নিরপেক্ষ, স্বাধীন ও ন্যায্য।”

উল্লেখ্য, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকার বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিলেও ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তান ক্রিকেট দল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশ নেবে, তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে তারা মাঠে নামবে না।

এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং আইসিসির ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

-এমইউএম