সুনামগঞ্জ-৪ আসনের মানুষের কর্মসংস্থানের সু-ব্যবস্থা নাই। বিসিক কার্যকর ও শিল্পাঞ্চলে গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ধোপাজান বালু মহাল উন্মুক্ত করে দেয়া হবে। মাথা চাড়া দিয়ে ওঠা চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি বন্ধে পদক্ষেপ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, উত্তরাঞ্চলের মানুষের সহজ যোগাযোগে সেতু নির্মাণ, রেল সংযোগ, মাদক নির্মূলে উদ্যোগ নেয়া হবে।
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনবো। ফসলরক্ষা বাঁধের কাজে গাফিলতিতে প্রশাসন ও পিআইসি উভয়ই দায়ী। জেলা প্রশাসন কামারখালের দখল রুখতে পারে নি। খাল উদ্ধার ও সঠিক পানি ব্যবস্থাপনা করতে পারলে বৃষ্টির পানি দ্রুত নেমে যাবে। নির্বাচিত হলে সরকারি অফিসে হয়রানি বন্ধে উদ্যোগ নেয়া হবে। তরুণরা জাতীর প্রাণশক্তি, তাদের কাজে লাগাতে না পারলে ভবিষ্যৎ অন্ধকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই’ শিরোনামে সুনামগঞ্জ-৪ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩ জন। এরা হলেন- স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, জাতীয় পার্টির মো. নাজমুল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের শহীদুল ইসলাম। দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নূরুল ইসলাম ও জামায়াত মনোনীত প্রার্থী মো. সামছ উদ্দিন অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
সুজনের সহ সভাপতি মাসুম হেলালের পরিচালনায় প্রশ্নোত্তর পর্বে ভোটারদের নানা প্রশ্নে জবাব দেন প্রার্থীরা। সরকারি অফিসে সেবা নিতে গিয়ে নাগরিক দুর্ভোগ, নারী উন্নয়নে প্রার্থীদের ভাবনা, সুনামগঞ্জ সদরে রেল স্টেশন স্থাপনের উদ্যোগ, মাদকের আগ্রাসন রোধ, সরকারি প্রকল্পে দুর্নীতি, কামারখাল উদ্ধার, চাঁদাবাজি বন্ধ, বাঁধের কাজে দুর্নীতি বন্ধ, পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্পর্কে প্রার্থীদের ভাবনা জানতে চান সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, সাবিহা বেগম, রাজু আহমেদ, এ আর জুয়েল, লিপসন আহমেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ সৈয়দ মুহিবুল ইসলাম, সুজনের জেলা কমিটির উপদেষ্টা সুখেন্দু সেন, সহ সভাপতি আলী হায়দার, সিরাজুল ইসলাম, সুজন সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি ফারুক রশিদ। উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রতিনিধি নির্বাচিত করতে ভোটারদের শপথ পড়ান প্রথমআলোর নিজস্ব প্রতিনিধি খলিল রহমান।
সমাপনী বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নুরুল হক আফিন্দি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ।