গাজীপুরে স্বামীর জন্য ভোট প্রার্থনা শম্পার

রাজধানীর পূর্বাচল নতুন শহরসংলগ্ন গাজীপুর-৫ (কালীগঞ্জ, সদরের বাড়িয়া ইউনিয়ন ও গাজীপুর সিটির ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড) আসনে নির্বাচনী প্রচারণায় নতুনমাত্রা যোগ করেছেন শম্পা হক। দিন কি রাত, তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই ঢল নামছে জনতার। বিশেষ করে নারী ভোটারদের। কখনো স্বামীর সঙ্গে, কখনো নারী নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন।

শম্পা হক ওই আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলনের স্ত্রী। 
জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনেও বিএনপির প্রার্থী ছিলেন ফজলুল হক মিলন। দলীয় প্রতীক নিয়ে মাঠে নামার আগেই তাঁকে গ্রেপ্তার করে তত্কালীন হাসিনা সরকারের পুলিশ। ওই সময় স্বামীর হয়ে নির্বাচনী হাল ধরেন গৃহবধূ শম্পা হক।

নামেন প্রচারণায়। কিন্তু বাড়ি থেকে বের হলেই পথে পথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের বাধার সম্মুখীন হতেন। 
একাধিকবার হামলার স্বীকার হয় তাঁর গাড়িবহর। কিন্তু দমে যাননি শম্পা।

কারসাজির ভোটের ওই নির্বাচনে স্বামী মিলন জয় না পেলেও সাহসিকতা এবং সাবলীল বক্তব্য নেতাকর্মী ও সাধারণ মানুষের মন জয় করে নেন শম্পা হক। তাই এবারের নির্বাচনে স্বামীর হয়ে ভোট চাইতে যেখানেই যাচ্ছেন, সেখানেই নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঢল নামছে। নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকে নারীদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন।
পুবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল জানান, মিষ্টভাষী শম্পা হক দিনরাত ঘুরে ঘুরে নারী ভোটারদের কাছে স্বামী ফজলুল হক মিলনের বার্তা পৌঁছে দিচ্ছেন।

-সাইমুন