রাফাহ সীমান্ত খোলার আগেই গাজাজুড়ে ইসরায়েলি হামলা, নিহত ১২

ছবিঃ সংগৃহীত

শনিবার ভোর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অর্ধেকই শিশু। রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার এক দিন আগে এসব হামলার ঘটনা ঘটল।

শনিবার খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য স্থাপিত একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

নিহতদের মরদেহ খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

অন্যদিকে, গাজা শহরের পশ্চিমাঞ্চলের আল-রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন শিশু।

এ ছাড়া গাজা শহরের আল-দারাজ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বোমা হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রাফাহ পুনরায় খোলা

সীমান্তবর্তী শহর রাফাহর বাসিন্দারাও ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় একাধিক বিমান হামলার খবর দিয়েছেন। ইসরায়েল জানিয়েছে, মিসরের সঙ্গে গাজাকে সংযুক্তকারী রাফাহ সীমান্ত ক্রসিংটি রোববার পুনরায় খোলা হবে। ২০২৪ সালের মে মাসের পর এই প্রথম সীমান্তটি খুলছে।

হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই সীমান্ত পুনরায় খোলার কথা ছিল। চুক্তির প্রথম ধাপেই এটি খোলার কথা থাকলেও, শেষ অবশিষ্ট বন্দির মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত ইসরায়েল তা খুলতে অস্বীকৃতি জানায়।

শনিবার ইসরায়েল জানায়, কেবলমাত্র ইসরায়েলের নিরাপত্তা ছাড়পত্রপ্রাপ্ত ব্যক্তিদের জন্য “সীমিত চলাচলের” অনুমতি দেওয়া হবে। কোনো ত্রাণ বা মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না।

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন,
“গত দুই বছরে যারা গাজা ছেড়ে পালিয়েছিলেন, শুধু তারাই ফিরতে পারবেন। গাজা উপত্যকার বাইরে জন্মগ্রহণকারীদের ফেরার অনুমতি দেওয়া হবে না।”

রাফাহ সীমান্ত সংক্রান্ত ঘোষণার প্রতিক্রিয়ায় হামাস ইসরায়েলের প্রতি গাজায় যাতায়াতে “কোনো ধরনের বিধিনিষেধ আরোপ না করার” আহ্বান জানায় এবং যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত মেনে চলার দাবি করে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৭১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্রঃ আল জাজিরা

বেলাল হোসেন/