বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়াকে জাতীয়তাবাদী শক্তির প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেছেন, “বগুড়া বিএনপির ঘাঁটি, এই ঘাঁটির দায়িত্ব আজ আমি আপনাদের হাতে সঁপে দিয়ে গেলাম। এখানকার মাটি ও মানুষকে আগলে রাখার দায়িত্ব এখন আপনাদের।” নিজের নির্বাচনী আসন বগুড়া-৬ (সদর)-এর নেতাকর্মীদের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করে তিনি এই আহ্বান জানান।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বগুড়ার চার তারকা হোটেল ‘নাজ গার্ডেন’-এর বলরুমে আয়োজিত এক রুদ্ধদ্বার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভার শুরুতে স্থানীয় কয়েকজন নেতা দাবি করেন যে, বগুড়ায় ধানের শীষের জয় নিশ্চিত এবং ভোটারদের কাছে না গেলেও ফল অনুকূলে আসবে। এই বক্তব্যের প্রেক্ষিতে তারেক রহমান কিছুটা কঠোর ও সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন: “বসে থাকলে চলবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। আমাদের প্রতিটি ভোটারের কাছে যেতে হবে, প্রতিটি ঘরে কড়া নাড়তে হবে। শুধু জয় নয়, বগুড়ার সাতটি আসনেই যাতে রেকর্ড পরিমাণ ভোটের ব্যবধানে ধানের শীষ জয়ী হয়, সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।”
তারেক রহমান এবার নিজ জন্মভূমি বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন। তবে নির্বাচনী প্রচারণার কৌশল নিয়ে তিনি বলেন, “আমি এবার আপনাদের প্রার্থী হয়ে এসেছি। কিন্তু সারা দেশে নির্বাচনী প্রচারণার জন্য আমাকে এক জেলা থেকে অন্য জেলায় ছুটতে হচ্ছে। ফলে আমার এই আসনের প্রচারণার কাজ আমি আপনাদের হাতে তুলে দিলাম। আমি বিশ্বাস করি, আমার অনুপস্থিতিতে আপনারাই আমার নির্বাচন পরিচালনা করবেন।”
সভার শুরুতে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা বগুড়ার নির্বাচনী পরিবেশ ও প্রচারণার অগ্রগতি তারেক রহমানের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে প্রত্যেকের কথা শোনেন এবং পরে দিকনির্দেশনা দেন। তিনি স্পষ্ট করে বলেন, কোনোভাবেই নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দেওয়া এবং ভোটার উপস্থিতি নিশ্চিতে গাফিলতি করা যাবে না।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার সঞ্চালনা করেন। সভায় আরও বক্তব্য রাখেন: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান। বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন এবং আলী আজগর তালুকদার। বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী ও সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খানসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
সভা শেষে দুপুর ১২টার দিকে তারেক রহমান সড়কপথে সিরাজগঞ্জের উদ্দেশে বগুড়া ত্যাগ করেন। সেখানে বিকেলে তার একটি বিশাল জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।