ভোটের গান টিকটকেও

ভোটের দিন যত ঘনিয়ে আসছে রাজনীতির মাঠ তত উত্তাপ হয়ে উঠছে। তবে এবারের নির্বাচন শুধু জনসভা, মিছিল আর চায়ের কাপে আটকে নেই। রাজনীতির ব্যাকরণ বদলে গেছে। তরুণ প্রজন্মকে টানতে রাজনৈতিক দলগুলোর প্রধান হাতিয়ার এখন গ্ল্যামার আর বিনোদন। আগে নির্বাচনি প্রচারণায় দলের স্লোগান শোনা যেত। এখন সেই জায়গা দখল করে নিয়েছে দলের নির্বাচনি থিম সং।

রাজনৈতিক দলগুলো পেশাদার সংগীত শিল্পী ও কোরিওগ্রাফার দিয়ে তৈরি করছে নির্বাচনি গান। পাশাপাশি দৃষ্টি নন্দন ভিডিওগ্রাফি আর তালের ঝংকার নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে।

সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা গেছে রাজনৈতিক স্যাটায়ার ভিডিওর ছড়াছড়ি। জনসভায় কোনো নেতার সামান্য মুখ ফসকে বলা ভুল মুহূর্তেই ভাইরাল হয়ে যাচ্ছে। কয়েক ঘণ্টার ব্যবধানে সেই ক্লিপ নিয়ে তৈরি হচ্ছে শত শত টিকটক আর রিলস। এসব ব্যঙ্গাত্মক কন্টেন্ট বিনোদনের পাশাপাশি জনমত গঠনেও প্রভাব ফেলছে।

জনপ্রিয় ভিডিও শেয়ার প্ল্যাটফর্মগুলোতে হরহামেশাই ছড়িয়ে পড়ছে জনপ্রিয় শোবিজ তারকাদের ভুয়া ভিডিও বা ‘ডিপফেক’। কোনো তারকা হয়তো কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন—যা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। এসব গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

ডিজিটাল এই ডামাডোল আর ভার্চুয়াল যুদ্ধ শেষ পর্যন্ত কার মুখে শেষ হাসি ফোটায়, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক দিন।

মাহমুদ সালেহীন