দীর্ঘ দুই দশক পর শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জ সফরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে যমুনা পাড়ের এই জেলায় বইছে উৎসবের আমেজ।
দলীয় সূত্রে জানা গেছে, রংপুর থেকে ঢাকা ফেরার পথে দুপুর ২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এই মঞ্চ থেকেই সিরাজগঞ্জ ও পাবনা জেলার সকল সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের জনগণের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।
সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর কামারখন্দের জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর প্রিয় নেতাকে সরাসরি দেখার সুযোগ পেয়ে সিরাজগঞ্জ ও পাবনার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
ইতিমধ্যেই জনসভাস্থল পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু বলেন, “তারেক রহমানের এই সফর আমাদের জন্য ঐতিহাসিক। জনসভা সফল করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।”
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে বিসিক শিল্প পার্ক ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিপুলসংখ্যক পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
–লামিয়া আক্তার










