চট্টগ্রামের আনোয়ারায় তুচ্ছ ঘটনার জেরে নুর আহম্মদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের মামলায় মনিরুল হক নামের এক আসামিকে মৃত্যুদণ্ড ও আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের জজ মো. জাহিদুল হক এ রায় দেন। জমির ঘাস পরিষ্কারকে কেন্দ্র করে ২৫ বছর আগে এ খুনের ঘটনা ঘটেছিল। যাবজ্জীবনপ্রাপ্ত ৮ আসামি হলেন- ছাইফুল হক, বদরুল হক, আজিজুল হক, আবদুল রাজ্জাক, মো. রফিক, ছৈয়দুল হক, বাবুল হক ও মো. হাছান। রায় ঘোষণার সময় আসামি মো. রফিক, বাবুল হক ও আবদুর রাজ্জাক উপস্থিত থাকায় তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়। অন্য পলাতক আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।
২০০০ সালের ৭ জুলাই আনোয়ারা উপজেলায় ঘাস পরিষ্কারকে কেন্দ্র করে নুরুল আবছার ও নুর আহম্মদের ওপর আগ্নেয়াস্ত্র ও লোহার রড দিয়ে হামলা চালায় আসামিরা। গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নুর আহম্মদকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় করা মামলায় তদন্ত শেষে পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০০৪ সালের ২২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
-সাইমুন










