৪ মামলায় বিএনপি-স্বতন্ত্র প্রার্থীসহ আসামি দেড় হাজার

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এসব ঘটনায় পাল্টাপাল্টি চারটি মামলা করা হয়েছে। এতে বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এবং সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী (হরিণ প্রতীক) মোহাম্মদ মোর্শেদ আলমসহ প্রায় এক হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে আতিকুল ইসলাম ও আমান উল্লাহ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। এতে বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৯১ জনের নাম উল্লেখসহ প্রায় ১৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে গত সোমবার ও মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ ও রফিক উদ্দিন রফিক বাদী হয়ে আরও দুটি মামলা করেছিলেন। একটি মামলায় স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমসহ ১৩৫ জনের নাম উল্লেখ করা হয়।

গত ২৫ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। অভিযোগ রয়েছে, ওই দিন রাতে পৌরসভার কানার মার্কেট ও বাটাজোর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বিএনপি অফিস ও দোকানপাট ভাঙচুর করে। এর প্রতিক্রিয়ায় ধানের শীষের সমর্থকরা পৌর ছাত্রদল নেতা আদি খান সাকিলের ব্যক্তিগত অফিসে অগ্নিসংযোগ করে। দফায় দফায় চলা এই হামলায় অন্তত ৫০ জন আহত হন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন জানান, নির্বাচনী সহিংসতার ঘটনায় উভয়পক্ষ থেকে দুটি করে মোট চারটি মামলা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

_সাইমুন