মিয়ানমারভিত্তিক অপরাধচক্রের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন

ছবিঃ সংগৃহীত

মিয়ানমারভিত্তিক একটি পারিবারিক অপরাধ চক্রের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। চক্রটির বিরুদ্ধে ১৪ জন চীনা নাগরিককে হত্যা এবং একশ কোটি ডলারেরও বেশি মূল্যের প্রতারণা ও অবৈধ জুয়া কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল।

চীনের ওয়েনঝৌ সিটি ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে এক বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে আদালত এই ১১ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মিং গুওপিং ও মিং ঝেনঝেন ছিলেন চক্রটির মূল হোতা, যারা বৃহৎ পরিসরে প্রতারণা ও অনলাইন জুয়া কার্যক্রম পরিচালনা করতেন বলে আদালতে প্রমাণিত হয়। এছাড়া ঝৌ ওয়েইচ্যাং, উ হংমিং ও লুও জিয়ানঝাংওয়েসহ চক্রটির আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের বিরুদ্ধেও গুরুতর অপরাধের প্রমাণ পাওয়া যায়।

মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্তরা আপিল করলেও গত নভেম্বরে উচ্চ আদালত তা খারিজ করে দেয়।

চীনা গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২৩ সালের নভেম্বরে মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে অপরাধ দমনে স্থানীয় কর্তৃপক্ষের ওপর চীনের কেন্দ্রীয় সরকার চাপ সৃষ্টি করলে এই পারিবারিক অপরাধ চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

দক্ষিণ-পূর্ব এশিয়ায়, বিশেষ করে মিয়ানমার, কম্বোডিয়া ও লাওসে ‘স্ক্যাম পার্ক’ নামে পরিচিত প্রতারণাভিত্তিক শিল্প দ্রুত বিস্তার লাভ করেছে। এসব এলাকায় পাচার হওয়া ও স্বেচ্ছায় যুক্ত হওয়া শ্রমিকদের দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের লক্ষ্য করে অনলাইন প্রতারণা চালানো হয়।

এই ধরনের সংগঠিত অপরাধ দমনে চীন, যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ সংশ্লিষ্ট অঞ্চলগুলোর কর্তৃপক্ষের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করছে।

বেলাল হোসেন/