আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নেওয়ায় আপাতত জাতীয় দলের খেলোয়াড়দের জন্য কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট নেই। এই সময়টায় ক্রিকেটারদের শারীরিকভাবে সক্রিয় রাখা এবং মানসিক প্রস্তুতি বজায় রাখতে ফিটনেস ও কন্ডিশনিং ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার (২৯ জানুয়ারি) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির একটি সূত্র জানায়, জাতীয় দলের পুলের ক্রিকেটারদের নিয়ে এই কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে, যা চলতে পারে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দল-সম্পর্কিত অন্যান্য খেলোয়াড়দের নিয়েও ক্যাম্পের প্রাথমিক তালিকা প্রস্তুত করা হচ্ছে। কন্ডিশনিং ক্যাম্পের চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করবে জাতীয় দলের নির্বাচক প্যানেল।
ক্যাম্প শেষে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ক্রিকেটাররা ছুটি পাবেন। নির্বাচন-পরবর্তী সময়ে আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে পারে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্ট।
চার দলের এই টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গঠন করা হবে তিনটি দল। বাকি একটি দল থাকবে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের খেলোয়াড়দের নিয়ে। বিসিএল ওয়ানডে লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাজশাহী ও বগুড়া স্টেডিয়ামে। ফাইনাল আয়োজনের পরিকল্পনা রয়েছে মিরপুরে।
গতকালের সভায় বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও শুরুতে অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটারদের অংশগ্রহণের পরিকল্পনা ছিল, তবে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় সেই পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে টুর্নামেন্ট কমিটিকে।
-এমইউএম









