‘জনগণ পাশে নেই বলেই শেরপুরে হামলা’: নির্বাচনী প্রচারণায় জামায়াত আমির

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে এক ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণার সূচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় তিনি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি ‘মাল্টিমিডিয়া বাস’ এবং বিশেষ নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, “দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, আগামী ১২ তারিখ দেশের মানুষ তাদের হাতেই রাষ্ট্র পরিচালনার চাবি তুলে দেবে। দেশবাসী এবার আমূল পরিবর্তন চায়।”

বিজয় ১৮ কোটি মানুষের: ঢাকা-১৫ আসনের এই সংসদ সদস্য প্রার্থী তার বক্তব্যে জনগণের ওপর আস্থার কথা পুনর্ব্যক্ত করে বলেন, “জামায়াতে ইসলামী ব্যক্তিকেন্দ্রিক বিজয় চায় না, আমরা চাই এ দেশের মানুষের বিজয়। জামায়াত যদি বিজয়ী হয়, তবে প্রকৃতপক্ষে দেশের ১৮ কোটি মানুষই বিজয়ী হবে।” তিনি আরও ঘোষণা দেন, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ এক নতুন অভিযাত্রায় যাত্রা শুরু করবে।

নির্বাচনী প্রচারণাকালে শেরপুরে দলীয় নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, “যাদের জনগণের প্রতি কোনো আস্থা নেই, তারাই কাপুরুষের মতো শেরপুরে হামলা চালিয়েছে।” তিনি সমর্থকদের উসকানিতে পা না দিয়ে ধৈর্য ধরার এবং শান্ত থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

উদ্বোধন শেষে তিনি মিরপুর-১০ ও সংলগ্ন এলাকায় ঢাকা-১৫ আসনের ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তার এই মাল্টিমিডিয়া প্রচারণায় যোগ দেন। বাসের মাধ্যমে ডিজিটাল স্ক্রিনে দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা হচ্ছে।

লামিয়া আক্তার