যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনা বা যোগাযোগের সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইরান। আজ বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে তার কোনো যোগাযোগ হয়নি। তেহরানের পক্ষ থেকে আলোচনার কোনো অনুরোধও জানানো হয়নি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন সামরিক শক্তি প্রয়োগ করতে পারে এমন আশঙ্কার মধ্যেই এই বক্তব্য করলেন আরাঘচি।
পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি সংবাদমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্র যতক্ষণ হুমকি এবং অযৌক্তিক দাবিতে অটল থাকবে, ততক্ষণ কোনো আলোচনা সফল হতে পারে না। তিনি আরও বলেন, সরাসরি যোগাযোগ না থাকলেও বেশ কিছু দেশ মধ্যস্থতাকারী হিসেবে কূটনৈতিক চ্যানেলে ইরানের সাথে যোগাযোগ রক্ষা করছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের অভিমুখে নৌবহর পাঠানোর ঘোষণা দিয়ে ইরানকে কূটনৈতিক পথ বেছে নেওয়ার আহ্বান জানালেও ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জন্য ওয়াশিংটনকেই দায়ী করছে তেহরান। আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো মার্কিন হামলাকে ইরান সরাসরি যুদ্ধ হিসেবে গণ্য করবে।
-সাইমুন










