বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ নেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তিনি বলেন, নির্বাচনের ফল নির্ধারণের একমাত্র অধিকার বাংলাদেশের জনগণের। জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তিনি ব্যক্তিগতভাবে আগ্রহী এবং ফলাফল দেখার অপেক্ষায় রয়েছেন।
তাঁর ভাষায়, “আমি এই নির্বাচনের দিকে তাকিয়ে আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি।”
তিনি আরও জানান, গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় নির্বাচনের দিনটি উৎসবমুখর হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, তিনি প্রত্যাশা করছেন, এই নির্বাচন আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার যে তথ্যগুলো বৈঠকে তুলে ধরেছেন, সেগুলোতে তিনি সন্তুষ্ট বলেও জানান ক্রিস্টেনসেন।
তিনি বলেন, “আপনাদের মতো আমিও ১২ ফেব্রুয়ারির নির্বাচনী ফলাফলের অপেক্ষায় আছি।”
বৈঠকটিকে সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ উল্লেখ করে কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনায় নির্বাচন আয়োজনের অগ্রগতি, পরিবেশ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়ও উঠে আসে।