বরিশালে ২৪ শিক্ষকসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সহকর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং জাতীয়করণে দুর্নীতির দায়ে বরিশালে ২৪ শিক্ষকসহ মোট ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

বরিশালে পৃথক দুটি ঘটনায় সাবেক ও বর্তমান প্রধান শিক্ষকসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেন। পরোয়ানাভুক্তদের মধ্যে নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৫ জন এবং মেহেন্দিগঞ্জের ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১ জন শিক্ষক রয়েছেন।

হালিমা খাতুন বালিকা বিদ্যালয়ের ঘটনায় জানা যায়, অনিয়ম ও কোচিং বাণিজ্যের প্রতিবাদ করায় শিক্ষক মাইদুল ইসলামকে ফাঁসাতে এক শিক্ষার্থীর অভিভাবককে দিয়ে যৌন হয়রানির মিথ্যা মামলা করায় কর্তৃপক্ষ। পিবিআই ও জেলা প্রশাসনের তদন্তে অভিযোগটি ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় সাবেক প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অন্যদিকে, মেহেন্দিগঞ্জ উপজেলার ৯টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে দুর্নীতির দায়ে ২১ জন শিক্ষকের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভুয়া রেকর্ডপত্রের মাধ্যমে নিয়োগ দেখিয়ে সরকারি ১ কোটি ১৫ লাখ ২৯ হাজার ৩১৮ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ২০২০ সালে দুদক এ মামলাটি দায়ের করে এবং ২০২৫ সালের ডিসেম্বরে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ ফারুক হোসেন দুদকের মামলায় অভিযুক্তদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মিথ্যা মামলায় জড়িত শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন।

মালিহা