কর্তৃত্ববাদ পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি: সুজন সম্পাদক

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটলেও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এখনো চলমান। গতকাল সিলেটে সুজন জেলা শাখা আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ বিষয়ক বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মজুমদার উল্লেখ করেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের প্রথম ধাপ হলেও এটিই শেষ কথা নয়। তিনি বলেন, “গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গভীর আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার অপরিহার্য। নির্বাচন ব্যবস্থার পরিশুদ্ধকরণ এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করার মাধ্যমেই সাম্যভিত্তিক সমাজ গড়া সম্ভব।”
অতীতের নির্বাচনের উদাহরণ টেনে তিনি সাফ জানিয়ে দেন, দলীয় সরকারের অধীনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তিনি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সুজন সম্পাদক নির্বাচন কমিশনকে স্বাধীন ও দায়বদ্ধ করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার দাবি জানান। তিনি বলেন, “রাজনীতি থেকে দুর্বৃত্তদের দূরে রাখতে এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
বক্তব্যের শেষ দিকে তিনি নাগরিক সমাজের সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, নাগরিক সমাজকে সরকারের ‘ল্যাপ ডগ’ (আজ্ঞাবহ) হয়ে থাকলে চলবে না, বরং অতন্দ্র প্রহরীর মতো ‘ওয়াচ ডগ’-এর ভূমিকা পালন করতে হবে।
লামিয়া আক্তার