২০ জানুয়ারি সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের গণেশপুর বাজার এলাকায় পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের খামারে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ৪–৫ জন দুর্বৃত্ত সন্ত্রাসী পুলিশ পরিচয়ে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে খামারের ভেতরে প্রবেশ করে।
রুহুল আমিনের মা জানান, দুর্বৃত্তরা তাঁর স্বামী ও তাঁকে কোনো ধরনের শারীরিক ক্ষতি না করেই খামার থেকে প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা একটি বোমা অথবা বাজির মতো বিস্ফোরণ ঘটিয়ে শব্দ সৃষ্টি করে, যাতে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা পালিয়ে যায়।
ঘটনার পরপরই খলিষখালী পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। এ ঘটনার পর এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর দাবি, দুর্বৃত্তরা মুখে কোনো মুখোশ না পরে লুঙ্গি পরিহিত অবস্থায় খামারে প্রবেশ করে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এতে করে কারা এই ঘটনার পেছনে জড়িত এবং কী উদ্দেশ্যে এই ডাকাতি সংঘটিত হয়েছে, তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে দুপুর ১২টার দিকে তালা উপজেলা সার্কেল অফিসার নুরুল্লাহ পাটকেলঘাটা থানার খলিষখালী পুলিশ ক্যাম্পের চৌকস কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ আব্দুস সালাম, সাতক্ষীরা/










