ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি স্থাপনের জন্য বরাদ্দ ৭২ কোটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ২১ হাজার ৯৪৬টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভা এবং অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বরাদ্দকৃত বাজেট শুধু ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি স্থাপনের জন্য। বাকি কেন্দ্রগুলোর জন্য স্থানীয় প্রশাসন নিজস্ব ব্যবস্থা নেবে এবং সেখান থেকে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হবে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ডিএমপি-কে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ বা একাধিক অংশে ভাগ করার বিষয়টি সরকারের নজরে এসেছে। তিনি জানান, দুটি বা একাধিক অংশে ভাগ করলে কাজের গতি বাড়বে এবং আইনশৃঙ্খলা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

শফিকুল আলম আরও বলেন, ঢাকার আয়তন ক্রমেই বাড়ছে এবং শহর এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। শহরের অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত কঠিন কাজ। বৈঠকে শহরের ল’ অ্যান্ড অর্ডার পরিস্থিতি সহজ ও সুন্দরভাবে পরিচালনার বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, পূর্বের মডেলে গুলশান ও মিরপুর পৌরসভা আলাদা ছিল। নতুন বিভাজনের সম্ভাব্য মডেল নিয়ে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

-এমইউএম