রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হয়। ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, দ্বিতীয় দিনে মোট ৭০টি আপিল নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৫৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আপিল শুনানিতে ৭টি আবেদন না-মঞ্জুর হয়েছে এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
এছাড়া গত শনিবার (১০ জানুয়ারি) অপেক্ষমাণ থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিউদ্দিনের আপিল আবেদনটি আজ মঞ্জুর করেছে কমিশন।
আগামীকাল সোমবার (১২ জানুয়ারি) আপিল তালিকার ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুনানি প্রক্রিয়া চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তাদের বাতিল করা ৭২৩টি মনোনয়নপত্রের বিপরীতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছিল।
উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। সবশেষে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৩০০ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।