শৈত্যপ্রবাহে বিষিয়ে উঠছে ঢাকার বাতাস: দূষণে শীর্ষে কলকাতা

সারা দেশে চলমান মৃদু শৈত্যপ্রবাহ আর শুষ্ক আবহাওয়ায় রাজধানী ঢাকার বায়ুদূষণ আবারও ভয়াবহ রূপ নিয়েছে। বাতাসের স্বাভাবিক প্রবাহ কমে যাওয়ায় ধূলিকণা ও ক্ষতিকর পদার্থের ঘনত্ব বেড়ে আজ শুক্রবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার উপরের দিকেই রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘আইকিউএয়ার’ (IQAir) এর তথ্যানুযায়ী, ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই (AQI) স্কোর ছিল ১৫৮। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বাদশ অবস্থানে অবস্থান করছে।
শুক্রবারের (৯ জানুয়ারি) তালিকা অনুযায়ী দূষণের শীর্ষ স্থানগুলো দখল করে আছে পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের শহরগুলো। সকালের তথ্য অনুযায়ী:
প্রথম ও দ্বিতীয়: ভারতের কলকাতা (স্কোর ২৩০) ও দিল্লি (স্কোর ২১১)। শহর দুটির বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
তৃতীয়: ইরাকের বাগদাদ (স্কোর ১৯৬)।
চতুর্থ ও পঞ্চম: ভিয়েতনামের হ্যানয় (স্কোর ১৯৩) ও পাকিস্তানের লাহোর (স্কোর ১৮৩)।
তালিকার শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর স্কোর ১৬৬ থেকে ১৮১-এর মধ্যে ঘোরাফেরা করছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সেই বাতাসকে সাধারণ মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের বাইরে বের হওয়ার সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
আবহাওয়াবিদদের মতে, শীতকালে কুয়াশা ও মৃদু বাতাসের কারণে ধূলিকণা ওপরের দিকে উড়ে যেতে পারে না। ফলে মাটির কাছাকাছি স্তরে দূষণের মাত্রা বহুগুণ বেড়ে যায়। ঢাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং যানবাহনের কালো ধোঁয়া শুষ্ক আবহাওয়ায় এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
–লামিয়া আক্তার