কদমতলীতে ব্যাবসায়ীকে কু‌পি‌য়ে হত্যা

নিজস্ব প্রতি‌বেদক :

রাজধানীর কদমতলীর কুদার বাজার এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২ টার দিকে মৃত ঘোষণা করেন।

শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানান, আমার ভাই কদমতলী-জুরাইন এলাকায় বসবাস করত। সে ওই এলাকায় ভাঙারি ব্যবসা করত। দুই মাস যাবত সে বাসার নিচে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছিল। রাতে জানতে পারি কদমতলীর কুদার বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে আমার ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে গেছে। পরে সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

তিনি বলেন, কে বা কারা কী কারণে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে সেটি এখনো বলতে পারছি না।

এ বিষয়ে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে শাহাবুদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হত্যার ঘটনায় যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।

মামুন/