তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা, আবহাওয়া থাকবে শুষ্ক

বইছে শৈত্য প্রবাহ। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা বিরাজ করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যেতে পারে। এ সময় উত্তর-পশ্চিম অথবা উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। উল্লেখ্য, গতকাল সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানী বা এর আশপাশে কোনো বৃষ্টিপাত হয়নি।
সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো এলাকায় কুয়াশার দাপট দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে ৫টা ২৬ এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে।
-লামিয়া আক্তার