বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব ধরনের খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার এবং সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। বিসিসিআই-এর এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ নেই এবং এটি বাংলাদেশের সাধারণ মানুষকে চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। জনস্বার্থে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল সংশ্লিষ্ট সব প্রচার কার্যক্রম বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে।
জানা গেছে, মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা চলছিল। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলোর লাগাতার বিক্ষোভের মুখে গত শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেন। এর পরপরই কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে জানায়, মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।
খেলোয়াড়দের প্রতি এমন বৈষম্যমূলক আচরণের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের এই কঠোর পদক্ষেপকে দেশের সাধারণ মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা ব্যাপকভাবে সমর্থন জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ক্রিকেটে আত্মমর্যাদা রক্ষার তাগিদ দিয়েছেন।
সরকারের এই নির্দেশনার ফলে ২০২৬ সালের আইপিএল বাংলাদেশের কোনো স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম বা ডিজিটাল মাধ্যমে সরাসরি দেখা যাবে না। এমনকি আইপিএল সংক্রান্ত কোনো বিজ্ঞাপন বা বিশেষ অনুষ্ঠান প্রচারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
-এম. এইচ. মামুন










