হাবিবুর রহমান সুমন : মাদারীপুর জেলা প্রতিনিধি
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে শনিবার (৩ জানুয়ারি )জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে আত্মমূল্যায়ন ও সমাজসেবার গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম মুন্সী এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. এস. এম. খলিলুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক মো. আফজাল হোসাইন।
দিবসের কর্মসূচির মধ্যে ছিল কল্যাণমূলক সেবা প্রদান। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৭৬ জন রোগীর মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়। রাজৈর উপজেলায় ১০ জন ভিক্ষুক পুনর্বাসনের অংশ হিসেবে অটোভ্যান ও চায়ের দোকান স্থাপনের উপকরণ দেওয়া হয়। শহর সমাজসেবা কার্যালয়ের ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে ৩৪ জনের মাঝে ১৭ লাখ টাকা ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
দিবসের আয়োজনের সমাপ্তিতে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে শ্রেষ্ঠ সমাজকর্মী ও কর্মকর্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয়। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হয়েছেন সহকারী পরিচালক মো. আফজাল হোসাইন। উপজেলা ও মাঠ পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন রাজৈর উপজেলা সমাজসেবা অফিসার বাদশাহ ফয়সাল। শ্রেষ্ঠ সমাজকর্মী (পুরুষ) পৌর সমাজকর্মী ইউসিডি আবুল হোসেন, শ্রেষ্ঠ সমাজকর্মী (নারী) কারিগরি প্রশিক্ষক তানজিদা। জেলা পর্যায়ের শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন মল্লিক।










