ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া মহিউদ্দিন রনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বিকেলে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
মনোনয়ন বাতিলের বিষয়ে মহিউদ্দিন রনি জানান, তিনি নির্বাচনে অংশগ্রহণের জন্য আইন অনুযায়ী প্রয়োজনীয় এক শতাংশ স্থানীয় ভোটারের স্বাক্ষর জমা দিয়েছিলেন। তবে যাচাই-বাছাইয়ের সময় কর্তৃপক্ষ ১০ জন ভোটারের মধ্যে দুইজনকে স্থানীয় ভোটার হিসেবে শনাক্ত করতে না পারার কথা জানায়। এই অভিযোগের ভিত্তিতেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে তিনি দাবি করেন।
মনোনয়ন বাতিলের প্রতিক্রিয়ায় মহিউদ্দিন রনি বলেন, ফ্যাসিস্ট পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে সক্রিয় রয়েছে এবং তারা নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, একটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে তাকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে তিনি আরও জানান, মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন। ইতোমধ্যে আপিল সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। আগামী দিনে আইনি লড়াইয়ের মাধ্যমে ন্যায়বিচার পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিথী রানী মণ্ডল/










