ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং অথবা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা না দিলে সংশ্লিষ্ট প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারাবেন।
ইসি সূত্র জানায়, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে রবিবার দুপুর আড়াইটা পর্যন্ত সারা দেশে মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এ সময়ের মধ্যে মাত্র ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কমিশনের কর্মকর্তারা আশা করছেন, শেষ দিনে মনোনয়নপত্র জমাদানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। পরবর্তীতে ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন তফসিল সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। সংশোধিত প্রজ্ঞাপনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা দুই দিন কমানো হয় এবং আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বাড়ানো হয়।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও অবৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং এসব আপিলের নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাবরিনা/










