সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন। বৈঠকে প্রতিরক্ষা, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায় বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (SANA)।
সানার প্রতিবেদনে বলা হয়, আলোচনায় প্রতিরক্ষা শিল্পে কৌশলগত সহযোগিতা বাড়ানো, সামরিক সক্ষমতা জোরদার এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার বিষয়টি বিশেষভাবে উঠে আসে।
গত অক্টোবরে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা রাশিয়া সফরে গিয়ে দামেস্ক ও মস্কোর মধ্যে পূর্বে স্বাক্ষরিত সব চুক্তি বহাল রাখার অঙ্গীকার করেন। ওই সফরে পুতিন বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক নবায়নের বিষয়ে আলোচনায় উঠে আসা “বহু গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় উদ্যোগ” বাস্তবায়নে রাশিয়া প্রস্তুত।
দীর্ঘদিন ধরে রাশিয়া সামরিক শক্তি ব্যবহার করে রাশিয়া সামরিক শক্তি সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিয়েছিল। তবে গত বছরের ডিসেম্বরে আল-শারার নেতৃত্বে বিদ্রোহীরা ক্ষমতা দখল করলে আসাদ ক্ষমতাচ্যুত হন। পরবর্তীতে রাশিয়া তাকে ও তার পরিবারকে আশ্রয় দেয়।
মঙ্গলবারের বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি ও প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা সিরিয়ান সেনাবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে সামরিক সরঞ্জাম আধুনিকীকরণ ও কারিগরি দক্ষতা হস্তান্তরের বিষয়ও ছিল।
এছাড়া রাজনৈতিক সমন্বয় জোরদার এবং অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। সিরিয়ার পুনর্গঠন ও অবকাঠামো উন্নয়নে যৌথ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে জানায় সানা।
এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আল-শিবানির সঙ্গে পৃথক বৈঠক করবেন।
সূত্র: সানা (সিরিয়ান আরব নিউজ এজেন্সি)
মানসুরা মানজিল চৈতী/










