চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, ১৮ জন আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে উল্টো পথে সিএনজি চালানোকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় কর্ণফুলীর মইজ্জ্যারটেক ফসিল ফুয়েল স্টেশন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন দায়িত্বরত সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার ও কনস্টেবল সালাউদ্দিন, যাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে এবং একাধিক সিএনজি জব্দ করা হয়েছে।

আহত সার্জেন্ট ইমতিয়াজ বলেন, “উল্টো পথে আসা একটি সিএনজি বাধা দিতে গেলে তারা দলবদ্ধ হয়ে হামলা চালায়।”

অন্যদিকে, আটক সিএনজি চালকদের আত্মীয় দাবি করেছেন, “আমাদের ওপর হামলার সময় আমার আত্মীয় ঘটনাস্থলে ছিলেন না।”

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকের জানিয়েছেন, “উল্টো পথে গাড়ি চলাচলের কারণে সংঘর্ষ হয়েছে। আহত দুই পুলিশ এখন চিকিৎসাধীন।”

কর্ণফুলী থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই চলছে। নাম পরে জানানো হবে। মামলা প্রক্রিয়াধীন।”

এমইউএম/