নিরাপত্তা শঙ্কায় যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িক বন্ধ

বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে কেন্দ্রটির সব কার্যক্রম স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব আবেদনকারীর আজকের জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফিরিয়ে আনার দাবি এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে ‘জুলাই ঐক্য’ আজ বিকেলে রামপুরা ব্রিজ থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করে। সম্ভাব্য রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের প্রেক্ষিতে তাদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।