গাইবান্ধায় দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে জজকোর্টের মুহুরি সুজন নিহত

গাইবান্ধায় দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে জজকোর্টের মুহুরি সুজন চন্দ্র (৩৫) নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুজন ওই গ্রামের মৃত নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীর সহকারী (মুহুরী) হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনদের ভাষ্য, সন্ধ্যায় বাজার থেকে বাড়িতে ফেরেন সুজন। বাড়ির আঙিনায় তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে মাথায় আটকে থাকা কুড়ালসহ রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই সুধন চন্দ্র রায় বলেন, স্থানীয় নরেশ নামে একজনকে তারা সন্দেহ করছেন। জমি–সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

-সাইমুন