ভোটে জনসম্পৃক্ততা কম, অংশগ্রহণমূলক হয়নি পরিবেশ: কাদের সিদ্দিকী

আসন্ন জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের প্রত্যাশিত উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ছে না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, নির্বাচন ঘিরে যে প্রাণচাঞ্চল্য রাস্তাঘাটে থাকার কথা, বাস্তবে তার ঘাটতি স্পষ্ট।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কাদের সিদ্দিকী বলেন, তাঁর দল এবারের নির্বাচনে অংশ না নিলেও পারিবারিক ও রাজনৈতিক সম্পর্কের সূত্রে টাঙ্গাইলের কালিহাটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা লতিফ সিদ্দিকীকে সমর্থন দিচ্ছেন। নির্বাচনী প্রচারণায় প্রয়োজনীয় সহায়তা করা হলেও মাঠপর্যায়ে ভোটারদের স্বতঃস্ফূর্ততা খুব একটা দেখা যাচ্ছে না বলে তিনি দাবি করেন।

তার ভাষ্য, দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার নিয়েছে। কোথাও জামায়াত, কোথাও বিএনপি শক্ত অবস্থান নেওয়ার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কাদের সিদ্দিকী। অভিযোগ করে বলেন, টাঙ্গাইলের কয়েকটি এলাকায় রাতের বেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে, বাড়িঘরে ভাঙচুর ও গ্রেফতারের ঘটনাও ঘটছে।

তিনি অতীতের ডাকাতির ঘটনার সঙ্গে তুলনা টেনে বলেন, “যেভাবে আগে ঢেঁকি দিয়ে ঘর ভাঙা হতো, এখন সেভাবেই দরজা ভেঙে মানুষকে ধরা হচ্ছে।”
তিনি জানান, এসব অভিযোগ নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে।

কমিশন বিষয়গুলো শুনেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, বর্তমান নির্বাচন পুরোপুরি অংশগ্রহণমূলক হয়ে উঠছে না এ বাস্তবতা স্বীকার করতেই হবে।

তবে ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে আরও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

_এজাজ আহম্মেদ