চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে রদবদল, এলেন প্রিন্স মাহমুদ

কিছুদিন আগেই সরকার নতুন করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ সদস্যবিশিষ্ট এই বোর্ডের নাম ঘোষণা করা হয়। তবে বোর্ড ঘোষণার পরপরই ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান এবং চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির। তাদের সরে যাওয়ার পর বোর্ডে নতুন করে দুইজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, গীতিকবি, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ এবং চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রফিকুল আনোয়ার রাসেল সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। সংস্কৃতি ও বিনোদন অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকায় এই দুই সদস্য বোর্ডের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব। পাশাপাশি বোর্ডের সদস্যসচিবের দায়িত্বে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। নতুন কাঠামোয় বোর্ডের কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নবগঠিত এই সার্টিফিকেশন বোর্ডে প্রিন্স মাহমুদ ও রফিকুল আনোয়ার রাসেলের পাশাপাশি কাজী নওশাবা আহমেদ, তাসমিয়া আফরিনসহ বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। বোর্ডের সদস্যদের সমন্বয়ে চলচ্চিত্র মূল্যায়ন ও সার্টিফিকেশনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা হবে বলে আশা করা হচ্ছে।

সার্টিফিকেশন বোর্ডের এক সদস্য জানিয়েছেন, আজ থেকেই বোর্ড আনুষ্ঠানিকভাবে সিনেমা দেখা ও মূল্যায়নের কাজ শুরু করেছে। রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে পুরোনো সেন্সর বোর্ডের কার্যক্রমের ইতি ঘটে। এর পরিপ্রেক্ষিতেই ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করে সরকার, যা চলচ্চিত্র শিল্পে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

-বিথী রানী মণ্ডল