বাউফলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ২৫

পটুয়াখালীর বাউফলে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত জামায়াতের কর্মী জামাল মৃধা (২২) নামের একজনকে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

রবিবার দুপুর বারোটার দিকে উপজেলার নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পরপরই বাউফল থানার ওসিকে প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠ বিচারের দাবিতে থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন জামায়েতের নেতাকর্মীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জামায়াতের কয়েজন কর্মী ওই এলাকায় নির্বাচনী গনসংযোগ শুরু করে। এসময় বিএনপির কয়েকজন সমর্থক টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে তাদেরকে হেনস্থা করে। পরে খবর পেয়ে প্রচারের অদূরে থাকা জামায়াতের লোকজন সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় দেশীয় অস্ত্র ও লাঠিসোটার আঘাতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।

জামায়াতের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয় এটা মিথ্যা কথা। মূলত দাঁড়িপাল্লার মিছিল করে নেতা কর্মীরা যার যার বাড়িতে যাওয়ার পথে বিএনপি ধানের শীর্ষ কর্মীরা তাদের কর্মীদের উপর মারধর শুরু করেন । তাতে প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী আহত হন ।

বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম সাংবাদিকদের জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে বর্তমানে থানার সামনে যে পরিস্থিতি শুরু হয়েছে সেটি যৌথবাহিনীর সহায়তায় নিয়ন্ত্রনে আনার চেষ্টা চলছে

মোঃ দেলোয়ার হোসেন, পটুয়াখালী