নির্বাচন থেকে সরে গেলেন বগুড়া-২ আসনের সাবেক এমপি জিন্নাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সপ্তাহ খানেক আগে হঠাৎ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন, বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি ৩৭বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বীরমুক্তি যোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ। ৩ বারের সাবেক সংসদ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শেষ মুহূর্তে এসে অভিযোগ করে বলেন, বর্তমান নির্বাচনী পরিস্থিতি অনুযায়ী বগুড়া-২ শিবগঞ্জ আসনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে কিনা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বৃহস্পতিবার একটি লিখিত বার্তায় শিবগঞ্জবাসীর উদ্দেশ্যে জেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তি-যোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ বলেন, তার ও তার নেতাকর্মী সমর্থকদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেককে এলাকা ছাড়া করা হয়েছে। নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হচ্ছে। এতে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। চিঠিটি সাংবাদিকদের কাছে সরবরাহ করেছেন তার ছেলে ব্যারিস্টার তাজবীর শরীফ সাম্য।
চিঠিতে তিনি উল্লেখ করেন, রাজনীতি হবে উন্নয়নের প্রতিযোগিতা, প্রতিহিংসার নয়। কিন্তু বর্তমান বাস্তবতায় নির্বাচন মানে জনগণের অধিকার নিশ্চিত করা নয়, বরং ভয় ও জবরদস্তির বৈধতা দেওয়া। শিবগঞ্জের মানুষের সম্মান, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে আপস করতে না পারায় তিনি জাতীয় সংসদ নির্বাচন বর্জনের রুক্ষ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
সাবেক এই এমপি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি শিবগেঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি কখনও চান না যে, তার বা তার দলের কোনো নেতাকর্মীর কারণে শিবগঞ্জের মানুষের ওপর অন্যায় বা অবিচার হোক।
এছাড়াও শিবগঞ্জবাসীকে শান্তি, ন্যায় ও সত্যের পক্ষে থাকার আহ্বান জানান। তিনি বলেন, “নির্বাচন বর্জন মানে রাজনীতি থেকে সরে যাওয়া নয়”। “এটি ন্যায় ও ন্যায্যতার পক্ষে একটি প্রতিবাদ”। শিবগঞ্জের শান্তি ও উন্নয়নই তাদের অধিকার এই অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি”৷
শরিফুল ইসলাম জিন্নাহ আরও বলেন, বর্তমান নির্বাচন পরিস্থিতিতে মাঠে গেলে মব সৃষ্টি করে তার উপর হামলা হতে পারে। নির্বাচনী মাঠে নিরাপত্তাজনিত কারণে তিনি এ ভোট বর্জন করছেন বলেও উল্লেখ করেন। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, লাঙ্গল মার্কা প্রতীকের এমপি প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ ভোট বর্জন করেছেন এটা শুনেছি। কিন্তু তার পক্ষ হতে আমাদের দপ্তরে আনুষ্ঠানিক ভাবে লিখিত কোনো অভিযোগ পাইনি।

সাংবাদিক গোলাম রব্বানী শিপন, বগুড়া।