প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনার মাধ্যমে অন্যায় দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করা অবাস্তব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, ‘দেশে এখন যারা নির্বাচন করছেন, এর একটা বৃহৎ জোট হলো বিএনপির সঙ্গে ধানের শীষ প্রতীকে। আরেকটি উল্লেখযোগ্য জোট হচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন। এই জোটের লোকেরা কী বলেছেন, ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব? বরং তারা বলেন, বিএনপি আগে ও পরে যা বলে, এখনই তাই বলছে। আর জামায়াতের নেতৃত্বে যে জোট হয়েছে, তারা পরিষ্কার করে বলেছে– শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে। প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করে অন্যায়কে দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করা অবাস্তব।’
শুক্রবার জুমার নামাজের পর গাজীপুর-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা জি এম রুহুল আমীনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুরের কোনাবাড়ী কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
একইদিন বিকেলে কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের জামালপুর আরএম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মুফতি রেজাউল করীম। গাজীপুর-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমানের সমর্থনে ওই জনসভার আয়োজন করা হয়।
সেখানে মুফতি রেজাউল করীম বলেন, নীতি আদর্শে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে আমরা সরকার গঠন করতে পারলে কোরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করব।
-সাইমুন










