টাকার খেলায় সম্মান বিসর্জন দেবেন না: জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোট প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, বাঞ্ছারামপুরেও টাকার খেলায় নামার চেষ্টা চলছে।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, টাকার লোভে পড়ে সম্মান-ইজ্জত নষ্ট করবেন না। এই নির্বাচন আমাদের কাছে কোনো ইনভেস্টমেন্ট নয়। এখানে বিনিয়োগ করে টাকা বানানোর প্রশ্ন নেই। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই।

বৃহস্পতিবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের নয়টি ওয়ার্ডে বিএনপি ও গণসংহতি আন্দোলনের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ এবং বিভিন্ন পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি ঠেকাও—এ ধরনের অপচেষ্টা চলছে। বাংলাদেশের মানুষ ভোটের অধিকার প্রয়োগ করবে, সেটি আমাদের নিশ্চিত করতে হবে। তা নাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও সতর্ক করেছেন যে, আবারও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা চলছে।

ভোট দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ভোটব্যবস্থার কারণেই দীর্ঘদিন ধরে দেশ সংকটে ঘুরপাক খাচ্ছে। কাজেই এই ব্যবস্থাকে ধ্বংস করতে দেওয়া যাবে না।

জোটগত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সব বিরোধী দলই নির্যাতনের শিকার হয়েছে। তবে বিএনপির ওপর নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে। গুম, খুন, মামলা, হামলা ও ক্রসফায়ারের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই-আগস্টে অনেক মানুষ পঙ্গু হয়ে গেছে।

জোনায়েদ সাকি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে জনগণের ঐক্য প্রয়োজন। বিভক্ত জনগোষ্ঠীর দেশ সহজেই বিপদের মুখে পড়ে। স্বাধীনতা রক্ষায় ন্যায়বিচার ও গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প নেই।

তিনি বলেন, কারও বিরুদ্ধে গীবত বা কুৎসা ছড়াতে তিনি চান না। যারা গীবত করছে, তাদের কথায় কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষে জোনায়েদ সাকি উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়তে ভোটারদের ‘মাথাল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

-সাইমুন