জনস্বাস্থ্যের ৫ কোটি টাকার পাইপ ১৯ লাখে বিক্রির অভিযোগে তদন্ত কমিটি

নোয়াখালীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় ৫ কোটি টাকা মূল্যের পাইপ মাত্র ১৯ লাখ টাকায় বিক্রির অভিযোগে সরেজমিনে তদন্তে নেমেছে একটি তদন্ত কমিটি। অভিযোগের সত্যতা যাচাই ও সংশ্লিষ্টদের দায় নির্ধারণে কমিটির সদস্যরা জেলার বিভিন্ন স্থাপনা ও সংরক্ষণাগার পরিদর্শন করছেন।

জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বিভিন্ন প্রকল্পের জন্য কেনা বিপুল পরিমাণ পাইপ নিয়মবহির্ভূতভাবে নিলামে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সরকারের বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের দাবি।

তদন্ত কমিটির সদস্যরা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন। একই সঙ্গে পাইপ সংরক্ষণ ও বিক্রির প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে তদন্ত কমিটির একজন সদস্য জানান, “আমরা সব অভিযোগ গুরুত্বসহকারে যাচাই করছি। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

হামিদুল হক, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।