পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন-ভারতসহ ৪ রাষ্ট্রদূতের বৈঠক

ছবিঃ সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরবের হাইকমিশনার এবং রাষ্ট্রদূতরা। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারের আশা প্রকাশ করেছেন তারা।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে।
পরে গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে বেইজিং সরকার। এ সফর দ্রুতই হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিস্তা প্রকল্প নিয়ে আশাবাদী দেশটি জানিয়ে ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকবে তার দেশটি। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না দেশটি বলেও সাফ জানান রাষ্ট্রদূত।
একই দিন, বিকেলে মন্ত্রণালয়ে আসেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব এগিয়ে নিতে দেশটির আকাঙ্খার কথা সরকারকে জানান তিনি।
এছাড়া, ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক আলোচনা হয়েছে যার মধ্যে ভিসাও রয়েছে বলে জানান প্রণয় ভার্মা। বিকেলে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারও। এর আগে, রোববার সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি সৌদি সরকারের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। ঢাকা-রিয়াদ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
-বেলাল