বেশ দীর্ঘ বিরতির পর টেলিভিশন নাটকে ফিরেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা মামুনুর রশীদ। গত শনিবার রাজধানীর উত্তরা এলাকায় একটি শুটিং বাড়িতে ভাষা দিবস উপলক্ষে নির্মিত নতুন নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মামুনুর রশীদ।
‘চিঠিওয়ালা’ শিরোনামের এই নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। নাটকের চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন হারুন রশীদ। নাটকের বাকি অংশের শুটিং আজ ধানমন্ডিতে সম্পন্ন হবে।
নাটকের গল্পে দেখা যাবে অনিক নামের এক উচ্চাকাঙ্ক্ষী যুবক, যিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। তাঁর স্ত্রী শৈলী এবং একমাত্র শিশুসন্তানকে নিয়ে সুখী সংসার। এক ছুটির দিনে তাদের বাড়িতে আসেন অনিকের দূরসম্পর্কের এক চাচা। চাচা এমন এক ব্যক্তি, যিনি শৈলী এবং অনিকের পরিবারের ইতিহাসের সঙ্গে যুক্ত। জানা যায়, চাচার বাবা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয় ছিলেন। তবে চাচা কেন ঢাকা এসেছেন, তা ধীরে ধীরে উন্মোচিত হয় নাটকের রহস্যময় কাহিনীতে।অনিক চরিত্রে অভিনয় করছেন আহসান হাবীব নাসিম। শৈলী চরিত্রে দেখা যাবে সুষমা সরকারকে। আর রহস্যময় চাচার চরিত্রে অভিনয় করছেন নিজে মামুনুর রশীদ।
দীর্ঘদিন পর টেলিভিশন নাটকে অভিনয় প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, “অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে সত্যিই ভালো লাগছে। মাঝে অনেক দিন বিদেশে ছিলাম। সেখানে মঞ্চনাটকে কাজ করলেও টেলিভিশন নাটকে ফেরার সুযোগ হয়নি। ভাষা দিবসের এই নাটকের গল্প দারুণ, নির্মাণও যত্ন নিয়ে করা হচ্ছে। প্রথম দিনের কাজের অভিজ্ঞতা বেশ ইতিবাচক।”নির্মাতারা জানিয়েছেন, আগামী একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-তে প্রচার হবে।
উল্লেখ্য, গত বছরের ৩০ এপ্রিল শারীরিক অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে যান মামুনুর রশীদ। সেখানে পৌঁছানোর পর তাঁর ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে এবং তাকে আইসিইউতে চিকিৎসা নিতে হয়। সুস্থ হয়ে ওঠার পর যুক্তরাষ্ট্রে অবস্থানকালেই তিনি কয়েকটি মঞ্চনাটকে অংশ নেন। এর মধ্যে টেক্সাসে তাঁর একক অভিনীত নাটক ‘তুম্বা ও প্রতিবেশী’ দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে। সম্প্রতি দেশে ফিরে এসে তিনি ভাষা দিবসের নতুন নাটকটির শুটিং শুরু করেছেন।
এই নাটক ও মামুনুর রশীদকে ঘিরে ইতিমধ্যেই দর্শক ও নাট্যপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতারা নিশ্চিত করেছেন, দারুণ গল্প, সাবলীল অভিনয় এবং যত্নসহকারে নির্মিত দৃশ্যগুলোর কারণে ‘চিঠিওয়ালা’ দর্শকদের মনে একটি স্থায়ী ছাপ ফেলবে।
বিথী রানী মণ্ডল/









