ভারতীয় রাজস্ব পরিষদের কাস্টম অফিসার সমীর ওয়াংখেড়ে সম্প্রতি বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মানহানি মামলা করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, শাহরুখ পুত্র আরিয়ানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ একটি সরকারি কর্মকর্তার চরিত্রকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা তার ব্যক্তিত্ব ও ভাবমূর্তির সঙ্গে মিল রয়েছে। সমীরের দাবি, সিরিজে চরিত্রটির মুখে বারবার শোনা যায় “সত্যমেব জয়তে,” যা তিনি বাস্তবে বলেন, এবং এটি তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
‘দ্য ব্যাডস অফ বলিউড’ আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ। এতে ববি দেওল, মনোজ পাহওয়া, রজত বেদী, রাঘব জুয়াল, গৌতমী কাপুরসহ একঝাঁক তারকা রয়েছেন। সিরিজটি ইতিমধ্যেই দর্শকের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমীরের মামলা খারিজ হওয়ায় এখন দেখার বিষয়, তিনি কি আরও কোনো আইনগত পদক্ষেপ নেবেন, নাকি বিষয়টি এখানেই থেমে যাবে।
সমীর শাহরুখ ও আরিয়ানের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন। তিনি জানান, সিরিজে সরকারি কর্মকর্তা চরিত্রের ব্যঙ্গাত্মক উপস্থাপনায় তার পেশাদারিত্ব ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভিযোগ সূত্রে, সমীর আশা করেছিলেন, আদালত ব্যবস্থা নেবে এবং সিরিজে সংশোধনের নির্দেশ দেবে।

কিন্তু দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের বেঞ্চ এই মামলাটি শুনানির জন্য উপযুক্ত নয় বলে সরাসরি খারিজ করে দিয়েছেন। আদালতের তরফে জানানো হয়েছে, মামলাটি হাইকোর্টে আনা যায় না এবং বিষয়টি আদালতের এখতিয়ার বাইরে।
এদিকে, ওয়েব সিরিজ ও বিনোদন জগতের স্বাধীনতা ও সৃষ্টিশীলতার সীমারেখা নিয়েও এই মামলাটি নতুন বিতর্ক সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযোজনা সংস্থাগুলি চলচ্চিত্র ও সিরিজে চরিত্রায়ন করার ক্ষেত্রে সংবেদনশীলতার পাশাপাশি সৃষ্টিশীল স্বাধীনতা বজায় রাখে।
বিথী রানী মণ্ডল/









