জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। আমরা এই দেশ ও দেশের নাগরিকদের ভালোবাসি। যদি কেউ জুলুমের শিকার হয়, তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব।
বৃহস্পতিবার জামায়াতে ইসলামী ঢাকা-১৫ সংসদীয় আসনের উদ্যোগে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি এখন টিভির চার সাংবাদিকের চাকরি হারানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘এটা সাংবাদিকদের স্বাধীনতার ওপর নির্লজ্জ আঘাত। আমরা সরকারের কাছে আশা রাখব, সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল করা হবে। নইলে আমরা মনে করব সরকার একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, থানা আমির ও থানা সেক্রেটারিসহ স্থানীয় নেতারা।
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস ভাষা শহীদদের প্রতি বৈশ্বিক সম্মান ও স্বীকৃতির প্রতীক। বাংলা ভাষাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের ভাষা, সংস্কৃতিকে সম্প্রসারণ ও সুরক্ষিত রাখতে সচেষ্ট হতে হবে। তবেই বাস্তবায়িত হবে ভাষা আন্দোলনে শহীদদের স্বপ্ন।
-সাইমুন










