আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আশা প্রকাশ করেছেন যে, সরকার গণভোটের রায় ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সচেষ্ট থাকবে। আজ (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
গণভোটের পক্ষে জনরায়ের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বিএনপি সরকার রক্ষা করবে বলে আশা প্রকাশ করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘আমরা চাই সরকার সফল হোক। প্রায় ৬৮ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, সরকার সেই প্রত্যাশা রক্ষা করবে বলে আশা করি।’
পবিত্র রমজান ও নবগঠিত সরকারের কার্যক্রম নিয়ে প্রত্যাশা, মূল্যায়ন এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ে বক্তব্য দিতে রাজধানীর বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছে এবি পার্টি। সেখানে দলটির চেয়ারম্যান এ কথা বলেন।
বিএনপির সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়াকে অনুচিত হয়েছে বলে উল্লেখ করেন মজিবুর রহমান।
আওয়ামী লীগের প্রসঙ্গে মজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন, তারা আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারে না। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার দায়িত্ব সরকারের। জনগণের চাওয়ার কারণেই আওয়ামী লীগকে দেশ ছাড়তে হয়েছে। গণহত্যার সঙ্গে দলটির সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ হয়েছে।
নীতিনৈতিকতার প্রশ্নে উপদেষ্টাদের সরাসরি মন্ত্রী হওয়া অনুচিত বলে উল্লেখ করেন মজিবুর রহমান। তবে আইনগত বাধা না থাকলে এই নিয়োগে আপত্তি নেই বলেও জানান তিনি।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, জনগণ যদি নির্ভয়ে ভোট দিতে পারত, তাহলে একটি প্রকৃত জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব হতো। পোস্টাল ব্যালটের ফলাফল দেখলে বোঝা যায়, নির্বাচন ব্যবস্থা সংস্কার করা গেলে পরিস্থিতি কেমন হতে পারত।
সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দুই যুগ পর বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমানের পর ইউনূস সরকারের সময়কাল তুলনামূলকভাবে ভালো ছিল। বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিচার ও সংস্কারের প্রশ্নে কোনোভাবেই পিছিয়ে আসা যাবে না উল্লেখ করে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিচার ও সংস্কারের যে ধারা চলমান ছিল, তা অব্যাহত রাখতে হবে। জালিমদের (নিপীড়ক) বিচার ব্যতীত ক্ষমার প্রশ্ন আসবে না, দেশের মানুষ তা মেনে নেবে না।
-মামুন










